| শিরোনাম |
❒ শ্রমজীবী মানুষের মুক্তির স্বপ্ন আজও অধরা, সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান নেতৃবৃন্দের
❒ যশোরে চার শহীদের স্মরণে বিপ্লবী কমিউনিস্ট লীগের সভা ছবি:
স্বাধীন হলেও শ্রমজীবী ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি আজও নিশ্চিত হয়নি। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে শহীদ কমরেড দিপু, মহিউদ্দিন, হায়দার ও ঝর্ণাদের আত্মত্যাগ স্মরণ করে সেই সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতারা।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় যশোরে সংগঠনটির জেলা কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। ১৯৭৪ সালের ৪ নভেম্বর কোটচাঁদপুরে রক্ষীবাহিনীর হামলায় নিহত চার কমরেডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ সভার আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোর জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড তসলিম-উর রহমান। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ।
বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা ও যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নাজিম উদ্দিন শহীদ, কমরেড দিপুর ছোট ভাই ও বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির সদস্য আবুল বাশার সাইফউদ্দৌলা, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদের আহ্বায়ক হারুন অর রশিদ এবং লেখক মফিজুর রহমান রুন্নু।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি আসেনি। স্বাধীনতার পর শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে রক্ষীবাহিনীর হাতে বহু বামপন্থী মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতা প্রাণ হারিয়েছেন। শহীদ কমরেড দিপু, মহিউদ্দিন, হায়দার ও ঝর্ণারা শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন, তা এখনো পূরণ হয়নি।
তাঁরা আরও বলেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের প্রভাবমুক্ত হয়ে প্রকৃত গণতান্ত্রিক এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার রাষ্ট্র গড়ে তুলতে হবে।
স্মরণসভায় কমরেড দিপুর রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ১৯৪৭ সালের ২৯ অক্টোবর জন্ম নেওয়া দিপু ছাত্রজীবন থেকেই আইয়ুববিরোধী আন্দোলন, এম এম কলেজের ছাত্র অধিকার আদায়ের আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মেনন)-এর সদর মহকুমা সভাপতি এবং জেলা সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধ শুরু হলে নড়াইল, যশোরের শালিখা ও খাজুরাসহ বিভিন্ন এলাকায় সশস্ত্র প্রতিরোধযুদ্ধে অংশ নেন তিনি। শালিখা থানা আক্রমণসহ একাধিক অভিযানে নেতৃত্ব দেন।
বক্তারা জানান, ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত নানা প্রতিকূলতার মধ্যেও শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন কমরেড দিপু। এরই ধারাবাহিকতায় ১৯৭৪ সালের ৪ নভেম্বর কোটচাঁদপুরে দলের একটি গোপন সভায় রক্ষীবাহিনীর অতর্কিত হামলায় কমরেড দিপু, মহিউদ্দিন, হায়দার ও ঝর্ণাসহ কয়েকজন কমরেড নিহত হন।
স্মরণসভা থেকে শহীদদের আদর্শ, রাজনৈতিক চেতনা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।