| শিরোনাম |
❒ প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে খুলনা ও বাগেরহাটে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনব্যাপী সফরে তিনি মোংলা বন্দরের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত এবং খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে দুই জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে ঢাকা থেকে মোংলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। মোংলার কর্মসূচি শেষে সড়কপথে বাগেরহাট জেলা সদর হয়ে খুলনায় যাবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সেখান থেকে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজারে পৌঁছে জিয়ারত করবেন তিনি। পরে বেলা ১টা ১৫ মিনিটে খুলনার উদ্দেশে যাত্রা করে ২টা ১৫ মিনিটে সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে।
বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁর।
নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা ও বাগেরহাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬-এর বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড ইতিমধ্যে কাজ শুরু করেছে। সাদা পোশাকে সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, প্রধানমন্ত্রীকে চার স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন, চেকপোস্ট স্থাপন ও টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, প্রধানমন্ত্রীর চলাচলের সম্ভাব্য সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকালে তিনি রূপসার কুদির বটতলা এলাকা পরিদর্শন করেন।
নতুন সাজে খুলনা নগরী
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা নগরীতেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। পরিচ্ছন্নতার পাশাপাশি জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়ক সাজানো হয়েছে রঙিন ব্যানার-ফেস্টুনে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে খুলনার ইতিহাস-ঐতিহ্য, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের গ্রাফিতি।
তবে এবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়কে যত্রতত্র তোরণ, ব্যানার ও ফেস্টুন দেখা যাচ্ছে না। স্বাগত জানাতে স্থাপন করা তোরণ ও বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে; দলীয় নেতা-কর্মীদের লাগানো ফেস্টুনও অপসারণ করা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহানগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করা হয়েছে। তাঁকে স্বাগত জানাতে নগরবাসী অপেক্ষা করছেন।
এদিকে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সড়কপথে যাত্রার সময় প্রধানমন্ত্রী রূপসার কুদির বটতলা ও খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে গাড়ি থামিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিতে পারেন। তবে এ কর্মসূচি আনুষ্ঠানিক সফরসূচিতে উল্লেখ নেই।