সোমবার , ৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
টেলিভিশন অফিস থেকে ইকবাল সোবহান চৌধুরীসহ ৩ সাংবাদিককে নিয়ে গেল ডিবি পুলিশ

❒ “একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তাদের জিজ্ঞাসা করার জন্য নিয়ে এসেছি"

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর , ২০২৬, ০৩:৫৩:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-11-04_6aeb1d04637eb.JPG

❒ ইকবাল সোবহান চৌধুরী ছবি:

রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই প্রতিষ্ঠান থেকে প্রধান অপরাধ প্রতিবেদক (ক্রাইম চিফ) রাজীব ঘোষকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। 

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ তাঁদের নিয়ে যায় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, ‘তাকে গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে কারণে আমরা তাকে জিজ্ঞাসা করার জন্য নিয়ে এসেছি।’

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের গ্রেপ্তার করা হয়নি, ডিবি তাঁদের সঙ্গে কথা বলছে।

তবে কী সংবাদ প্রচারকে কেন্দ্র করে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিংবা তাঁদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।

ঘটনার পর ডিবিসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদীর অনিক। তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরী কার্যালয় থেকে বের হওয়ার সময় ডিবি সদস্যরা তাঁকে রাস্তা থেকে নিয়ে যান। কেন তাঁকে নেওয়া হয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। বিষয়টি জানার চেষ্টা করছেন।

রাজীব ঘোষকে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ডিবিসির ক্রাইম চিফ হিসেবে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে তাঁর পেশাগত যোগাযোগ রয়েছে। কথা বলার জন্য তাঁকে ডাকা হয়েছে বলে তাঁদের জানানো হয়েছে।

যে পরিচয়ে আলোচনায় ইকবাল সোবহান

ইকবাল সোবহান চৌধুরী দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের একজন। তিনি ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের চেয়ারম্যান। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।  টানা সময় তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও পরে সভাপতির দায়িত্ব পালন করেছেন।

১৯৭২ সালে বাংলাদেশ অবজারভার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে তাঁর সাংবাদিকতা শুরু। পরে পত্রিকাটির সম্পাদক হন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একটি অংশের সভাপতি এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ সরকারের সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০১৩ সালে তাঁকে তথ্য উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৪ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর সম্মানী ও খণ্ডকালীন গণমাধ্যম উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তেও তাঁকে একবার জিজ্ঞাসাবাদ করেছিল তদন্ত সংস্থা। তবে ওই জিজ্ঞাসাবাদের সঙ্গে বুধবারের আটকের কোনো সম্পর্ক রয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝