| শিরোনাম |
❒ খানি ও প্রাণের যৌথ গবেষণা প্রতিবেদন
ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে সাতক্ষিয়ায় আশ্রয় নেওয়া জলবায়ু বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রায় ৭৫ শতাংশ তীব্র খাদ্যসংকটে রয়েছে। এসব পরিবারের ৯০ দশমিক ৮ শতাংশের ঘরে খাবারের কোনো মজুত নেই। শুধু খাবার নয়, নিরাপদ পানি, চিকিৎসা, বাসস্থান ও কর্মসংস্থানের সংকটেও বিপর্যস্ত তারা। এর মধ্যে সরকারি জমিতে বসবাসকারী ৫৯ শতাংশ পরিবার রয়েছে উচ্ছেদ বা উচ্ছেদের হুমকিতে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্কের (প্রাণ) যৌথ গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়।
২০২৬ সালের আগস্টজুড়ে সাতক্ষীরা পৌরসভার ৩৫টি অনানুষ্ঠানিক বসতির ৩৫৮টি পরিবারের ১ হাজার ৩৪১ জন সদস্যের ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়। এতে দেখা গেছে, ৭৪ দশমিক ৯ শতাংশ পরিবার তীব্র এবং ২৩ দশমিক ২ শতাংশ মাঝারি খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। খাদ্যনিরাপদ অবস্থায় পাওয়া যায়নি একটি পরিবারও।
খাবার জোগাড় করতে ৫৭ দশমিক ৩ শতাংশ পরিবার উৎপাদনশীল সম্পদ বা ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করেছে। আর ৯৫ দশমিক ২ শতাংশ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা শিশুদের খাবার জোগাতে নিজেরা কম খেয়েছেন। খাদ্যসংকটের প্রধান কারণ হিসেবে অর্থসংকট ও খাদ্যের উচ্চমূল্যের কথা জানিয়েছে যথাক্রমে ৯৯ দশমিক ৪ ও ৭৮ দশমিক ৫ শতাংশ পরিবার।
নিরাপদ পানির সংকটও প্রকট। ৯৬ দশমিক ৯ শতাংশ পরিবার অন্তত আংশিকভাবে লবণাক্ত ও আয়রনযুক্ত অগভীর নলকূপের পানির ওপর নির্ভরশীল। গত এক মাসে অর্ধেক পরিবারের অন্তত একজন সদস্য পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৫২ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক চিকিৎসা পাননি।
গবেষণায় আরও দেখা গেছে, গত ১২ মাসে ৭৭ দশমিক ১ শতাংশ পরিবারের ঘরে পানি উঠেছে। বাস্তুচ্যুতির সময় ৯২ দশমিক ৭ শতাংশ পরিবার গবাদিপশু বা হাঁস-মুরগি হারিয়েছে। বাস্তুচ্যুতির আগের তুলনায় ৪৬ দশমিক ৩ শতাংশ মানুষের আয় কমেছে। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রয়েছে মাত্র ৭ দশমিক ৫ শতাংশ পরিবার। গত এক বছরে ৭৯ দশমিক ১ শতাংশ পরিবার সরকারি বা বেসরকারি কোনো সহায়তাই পায়নি।
শিক্ষার ক্ষেত্রেও সংকট স্পষ্ট। ৬ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের ৩৩ দশমিক ২ শতাংশ বিদ্যালয়ের বাইরে। বিদ্যালয়ের বাইরে থাকা শিশু-কিশোরদের ৩০ শতাংশ শিশুশ্রমে যুক্ত।
গবেষণায় বলা হয়েছে, সাতক্ষীরা পৌরসভার ৪৭টি বসতিতে আনুমানিক ৭ হাজার ৫৭৩টি জলবায়ু বাস্তুচ্যুত পরিবার রয়েছে। স্থানীয় প্রশাসনের ভাষ্য, বর্তমানে এ সংখ্যা আরও বেশি।
গবেষণার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বাস্তুচ্যুতি শুধু ঘরবাড়ি বা সম্পদ হারানোর ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পরিচয় ও ঠিকানার সংকট, জীবিকা হারানো, শিশুদের শিক্ষাবঞ্চিত হওয়া এবং দীর্ঘ অনিশ্চয়তা। তাই জরুরি খাদ্যসহায়তার পাশাপাশি স্থায়ী আবাসন, নিরাপদ পানি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করেছেন তাঁরা।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের অবস্থানে জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার, খাদ্যনিরাপত্তা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের বিষয়গুলো গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে খানি ও প্রাণ।
সংবাদ সম্মেলনে খানি বাংলাদেশের সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা, সিইপিআরের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ নন্দী, সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।