রবিবার , ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান

এবারও পাঁচফোড়ন রেস্টুরেন্টে লাখ টাকা জরিমানা

❒ অস্বাস্থ্যকর রান্নাঘর, একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা খাবার; আগেও জরিমানা হয়েছিল

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর , ২০২৬, ০৭:০২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-11-03_6ae9e99a588ef.JPG

❒ এবারও পাঁচফোড়ন রেস্টুরেন্টে লাখ টাকা জরিমানা ছবি:

আবারও জরিমানার মুখে যশোর শহরের পরিচিত খাবারের প্রতিষ্ঠান পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, একই ফ্রিজে রান্না করা খাবার ও কাঁচা মাংস সংরক্ষণসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় এবার এক লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। এর আগে ২০২৫ সালের ৫ নভেম্বর বাসি গ্রিল ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছিল।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সুমনা পালের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। প্রথমে শহরের এমকে রোডে অবস্থিত রেস্টুরেন্টটি পরিদর্শন করা হয়। পরে বিমান অফিস রোডে প্রতিষ্ঠানটির রান্নাঘরে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানকারীরা রান্নাঘরে মশা-মাছির উপদ্রব, যত্রতত্র ময়লা-আবর্জনা ও স্যাঁতসেঁতে পরিবেশ দেখতে পান। একই ফ্রিজে রান্না করা খাবার ও কাঁচা মাংস রাখা ছিল। একটি ফ্রিজে পাওয়া যায় দীর্ঘদিনের পুরোনো মাংস। রান্নার কাজে নিয়োজিত কর্মীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থাও ছিল না।

পরে রেস্টুরেন্টে ফিরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্বাস্থ্য সনদ, স্যানিটারি সনদ ও ফায়ার সার্ভিসের সনদ দেখাতে পারেনি। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এর আগে ২০২৫ সালের ৫ নভেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পাঁচফোড়নে অভিযান চালানো হয়েছিল। তখন ফ্রিজে বাসি গ্রিল ও কাঁচা মুরগির মাংসের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ কাসুন্দি, সস ও মেওনেজ পাওয়া যায়। মাংস পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় সংরক্ষণের বিষয়টিও সামনে আসে। ওই অভিযানে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং নষ্ট খাবার ধ্বংস করা হয়।

প্রায় এক বছর পর একই প্রতিষ্ঠানে আবারও অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্য সংরক্ষণে অনিয়ম ধরা পড়ায় রেস্টুরেন্টটির মান নিয়ন্ত্রণ ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এদিকে, একই দিন শহরের দড়াটানায় অবস্থিত নিউ ভৈরব হোটেল ও জনি হোটেলেও অভিযান চালানো হয়। খাবার প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে গুরুতর কোনো অনিয়ম না পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান এবং পুলিশের সদস্যরা অংশ নেন।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝