সোমবার , ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মাগুরায় সোনা লুটঃ ভাগবাঁটোয়ারার বিরোধে খুন হন যুবদল নেতা শাকের, এবার জাহিদ গ্রেফতার

❒ কিছু স্বর্ণবার উদ্ধার, একে একে গ্রেফতার দলটির ৫ নেতাকর্মী

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর , ২০২৬, ০১:৩০:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর , ২০২৬, ০৪:৪৮:৪৫ পিএম
মাগুরা সংবাদদাতা:
Shornolota_2026-11-03_6ae9bb6e2cd20.JPG

❒ মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেপ্তার ছবি:

ঢাকা থেকে ভারত সীমান্তগামী প্রায় ৩ কেজি ২০০ গ্রাম সোনার চালান ছিনতাই, এরপর ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধ—এই দ্বন্দ্বের জেরেই খুন হন মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তে এমন তথ্য সামনে এসেছে। এ ঘটনায় সর্বশেষ মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে নিয়ে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া সোনার একটি অংশ উদ্ধারের তথ্যও পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গোলাম জাহিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। সোমবার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকায় ডিবির বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোলাম জাহিদ মাগুরা সদর উপজেলার পারনন্দয়ালী গ্রামের বাসিন্দা। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

এ মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছেন যুবদল নেতা রনি শিকদার, শামীমা ইয়াসমিন লুবনা, ঝিনাইদহের স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদার এবং জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেন।

যেভাবে সামনে আসে সোনা লুটের ঘটনা

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ আগে শাকের তাঁর বান্ধবী লুবনার মাধ্যমে ঢাকা থেকে ভারত সীমান্তের উদ্দেশে পাঠানো একটি বড় সোনার চালানের খবর পান। পরে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ কয়েকজনকে সঙ্গে নিয়ে মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় ঢাকাগামী একটি পরিবহণ আটকান তিনি।

ওই পরিবহণের এক নারী যাত্রীর কাছে থাকা প্রায় ৩ কেজি ২০০ গ্রাম সোনা শাকের ও তাঁর সহযোগীরা ছিনিয়ে নেন বলে সূত্রের দাবি। এরপর লুটের সোনা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। কিন্তু ভাগবাঁটোয়ারা নিয়ে শাকেরের সঙ্গে সহযোগীদের বিরোধ তৈরি হয়। সেই বিরোধের পরিণতিতেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উদ্ধার সোনার বার, গ্রেপ্তার মারুফ

এর আগে মাগুরা শহরের পারনন্দয়ালী এলাকার নিজ বাড়ি থেকে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও শ্রমিক নেতা মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে প্রায় ৫০ ভরি সোনার বার উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সোনা লুট ও হত্যাকাণ্ডের বিষয়ে মারুফ পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ মারুফের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া সোনার পরিমাণসহ বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি তিনি।

যেভাবে খুন হন শাকের

গত ২১ অক্টোবর ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারের ভেতরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিন ধরে ওই কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে কাজ করতেন।

ঘটনার দিন ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক কাউন্টারে ঢুকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর প্রথমে শাকের স্ট্রোক করে মারা গেছেন বলে প্রচার করা হয়। এমনকি দ্রুত মরদেহ বাড়িতে নিয়ে দাফনের উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে বাড়িতে নেওয়ার পর মাথা থেকে রক্ত বের হতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ময়নাতদন্তে তাঁর মাথার ভেতর থেকে গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন নাহার মাগুরা সদর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার রাতেই শাকেরের ঘনিষ্ঠ বন্ধু ঢাকা মহানগর যুবদলের সদস্য রনি শিকদার ও তাঁর বান্ধবী লুবনাকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সূত্র ধরে সোনার চালান লুটের বিষয়টি সামনে আসে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তার মারুফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড ও সোনা-সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদারকেও গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ড ও সোনা লুটের ঘটনায় রাজনৈতিক দলের আরও কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। মারুফ গ্রেপ্তারের পর তাঁদের কেউ কেউ আত্মগোপনে রয়েছেন বলে বিভিন্ন সূত্রের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রহিম জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝