বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম সৌদিতে মাদকসহ ৫ বাংলাদেশি গ্রেফতার শ্রীলঙ্কাকে চার গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ যশোরে রঞ্জন মণ্ডল হত্যায় দুই আসামি ৩দিনের রিমাণ্ডে বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে রাজস্ব ফাঁকির অভিযোগ, আটক ৭ ভারতীয় মুচলেকায় মুক্ত বেনাপোল দিয়ে তীর্থযাত্রায় ভারতে গেলেন ১০৮ সনাতন ধর্মাবলম্বী যশোরে একদিনে ২৯ জনসহ ১০ জেলায় গ্রেপ্তার ২২০ প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক এক চিকিৎসকসহহ দু’জনের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর বার্তা কেশবপুরে মব সৃষ্টির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন, বিচার না হলে ক্লাসে ফিরবে না শিক্ষার্থীরা যশোরে শীতের আগমনী বৃষ্টি, সন্ধ্যায় ভারী বর্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মধুমতীতে নৌকাবাইচ ঘিরে দু’পাড়ে লাখো মানুষের ঢল

❒ বৈঠার তালে তালে এগিয়ে চলে রঙিন নৌকা, গ্রামীণ মেলায় উৎসবের আমেজ মহম্মদপুরে

প্রকাশ : রবিবার, ১ নভেম্বর , ২০২৬, ০৮:৪৫:০০ পিএম , আপডেট : রবিবার, ১ নভেম্বর , ২০২৬, ০৮:৪৮:২৬ পিএম
মাগুরা প্রতিনিধি::
Shornolota_2026-11-01_6ae750dd3f22d.JPG

❒ মধুমতীর বুকে নৌকার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের ঢল ছবি:

নদীর বুকে একের পর এক ছুটে চলেছে বাহারি নৌকা। মাঝিদের সমবেত হেঁইও ধ্বনি আর বৈঠার ছন্দে তৈরি হচ্ছে প্রতিযোগিতার উত্তেজনা। তীরে দাঁড়িয়ে হাজারো দর্শকের উল্লাস, করতালি আর আনন্দধ্বনি। এমন দৃশ্যেই রোববার উৎসবের জনপদে পরিণত হয় মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীর দুই পাড়। ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলাকে ঘিরে নদীতীরে জড়ো হন লাখো মানুষ।

রোববার (১ নভেম্বর) বিকেলে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত হয় এই নৌকাবাইচ। মাগুরা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ প্রতিযোগিতা উপভোগ করতে আসেন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ দূরদূরান্ত পাড়ি দিয়ে হাজির হন বাংলার লোকজ সংস্কৃতির এই আয়োজন দেখতে।

নৌকাবাইচকে কেন্দ্র করে দুই দিন আগে থেকেই মধুমতি নদীর দুই তীরে বসে গ্রামীণ মেলা। সেখানে গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী, মুখরোচক খাবার, মিষ্টি, শিশুদের খেলনা ও নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। মেলা ও নৌকাবাইচ মিলিয়ে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বিকেলে প্রতিযোগিতা শুরু হলে নদীর বুকে বাড়তে থাকে উত্তেজনা। মাঝি-মাল্লাদের একসঙ্গে বৈঠা চালানোর তালে দ্রুত এগিয়ে যায় রংবেরঙের নৌকাগুলো। কখনো একটি নৌকা এগিয়ে যায়, কখনো ব্যবধান কমিয়ে প্রতিদ্বন্দ্বী নৌকা কাছাকাছি চলে আসে। কাঁসার ঘণ্টার ধ্বনি ও মাঝিদের হেঁইও রবে মুখরিত হয়ে ওঠে নদীর চারপাশ। তীর থেকে দর্শকদের উচ্ছ্বাস আর করতালি প্রতিযোগীদের উৎসাহ আরও বাড়িয়ে দেয়।

পরিবারের সদস্যদের নিয়ে মেলায় আসা সাগরিকা বলেন, প্রতিবছরই এখানে মেলা বসে। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসেছেন। নৌকাবাইচ ও মেলা দুটোই উপভোগ করছেন, পাশাপাশি কেনাকাটাও করছেন। তাঁর প্রত্যাশা, এই আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে।

দর্শনার্থী হুসাইন আলী বলেন, নৌকাবাইচ দেখতে তাঁর খুব ভালো লাগে। এত মানুষের সমাগম ও প্রতিযোগিতার আনন্দ উপভোগ করতে পেরে তিনি খুশি।

প্রতিযোগিতায় অংশ নিতে খুলনার কয়রা থেকে এসেছেন আলী আকবর। তিনি বলেন, প্রতিবছরই এই প্রতিযোগিতায় অংশ নেন। আগের বছরগুলোতে প্রথম পুরস্কারও পেয়েছেন। মহম্মদপুরের মধুমতি নদীর নৌকাবাইচ দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এবারও প্রথম হওয়ার প্রত্যাশা নিয়ে এসেছেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ উৎসব আমাদের শেকড়ের পরিচয়। গ্রামীণ মেলা ও নৌকাবাইচ কেবল বিনোদনের আয়োজন নয়, এগুলো দেশের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহ্য ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নৌকাবাইচ ও মেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মৈমুর আলী মৃধা বলেন, অনেক দিন পর মহম্মদপুরবাসী এমন আনন্দঘন পরিবেশে নৌকাবাইচ উপভোগ করছেন। নদীর দুই পাড়ে মানুষের বিপুল উপস্থিতি এবং তাঁদের উচ্ছ্বাস দেখে ভালো লাগছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, নদীকেন্দ্রিক এই আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশ তৈরি করছে। আধুনিক বিনোদনের নানা মাধ্যমের ভিড়েও মধুমতির নৌকাবাইচে মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, বাংলার ঐতিহ্য এখনো মানুষের হৃদয়ে জায়গা করে আছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝