রবিবার , ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঝিকরগাছা থানার এএসআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর , ২০২৬, ০৯:১০:০০ পিএম
ঝিকরগাছা সংবাদদাতা:
Shornolota_2026-10-29_6ae3622b0e915.jpg

❒ ঝিকরগাছা থানার এএসআই আশরাফুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছবি:

যশোরের ঝিকরগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আলমের বিরুদ্ধে টাকা দাবি, মালামাল নিয়ে নেওয়া ও মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার নারাঙ্গালী গ্রামের আসাদুজ্জামান এ অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে আশরাফুল আলমের দাবি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতারের পর অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে।

আশরাফুল আলমের ভাষ্য, গত ২৩ অক্টোবর ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রেজাউল করিমকে গ্রেফতারের নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী, ২৪ অক্টোবর দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে দুই পুলিশ কর্মকর্তা ও তিন কনস্টেবল রেজাউল করিমের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর এলাকার বাড়িতে যান। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।

পুলিশের দাবি, বাড়ি থেকে ফেরার সময় রেজাউল করিমের ছোট ভাই আসাদুজ্জামান তাঁর ভাইকে গ্রেফতার না করার অনুরোধ জানান এবং বিষয়টি অনৈতিকভাবে মীমাংসার প্রস্তাব দেন। তবে এ ধরনের প্রস্তাবে রাজি হননি বলে জানান এএসআই আশরাফুল।

তিনি আরও জানান, ২৪ অক্টোবর সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারাঙ্গালী বাজারের একটি চায়ের দোকান থেকে গ্রেফতারি পরোয়ানামূলে রেজাউল করিমকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। পরে বিধি অনুযায়ী তাঁকে থানা হাজতে রাখা হয়।

এএসআই আশরাফুলের দাবি, রেজাউলকে গ্রেফতারের সময় এবং পরে তাঁর ভাই আসাদুজ্জামান টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে টাকা দাবি, মালামাল নিয়ে নেওয়া ও মারধরের অভিযোগ করা হয়েছে বলে তিনি মনে করেন।

অন্যদিকে, আসাদুজ্জামানের লিখিত অভিযোগে বলা হয়েছে, ২৩ অক্টোবর দিবাগত রাতে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে কক্ষ তল্লাশি করে। পরদিন সকালে থানায় গেলে এএসআই আশরাফুল তাঁর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় পকেটে থাকা ২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি নিয়ে নেওয়া হয় এবং তাঁকে থাপ্পড় মারা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এএসআই আশরাফুল আলম। তাঁর বক্তব্য, মোটরসাইকেল, মোবাইল ফোন ও সংশ্লিষ্ট মালামাল আসাদুজ্জামানের কাছে দিতে চাইলেও তিনি তা নিতে অস্বীকৃতি জানান। পরে ঝিকরগাছা থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১১১৯, তারিখ ২৪ অক্টোবর ২০২৬-এর ভিত্তিতে মালামালগুলো থানায় জব্দ রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

পুলিশের অপরাধী তথ্য পর্যালোচনার বরাতে দেওয়া তথ্য অনুযায়ী, রেজাউল করিমের নামে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৬ সালের ১৯ আগস্টের সিআর মামলা নম্বর ২৭০/২৬, দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬(২) ধারায়; চৌগাছা থানার মামলা নম্বর ১০/১৩৯, তারিখ ৭ জুন ২০২২; এবং ঝিকরগাছা থানার মামলা নম্বর ১৯/২১, তারিখ ১৮ মে ২০১৯।

এ ছাড়া আসাদুজ্জামানের নামেও ২০১৯ সালের ১৮ মে ঝিকরগাছা থানায় দায়ের করা মামলা নম্বর ১৯/২১-এর তথ্য উল্লেখ করা হয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩৫৪, ৪২৭, ৩৮০, ৫০৬ ও ১১৪ ধারার উল্লেখ রয়েছে।

তবে এএসআই আশরাফুল আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্যের তথ্য সরবরাহ করা হয়নি।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝