বুধবার , ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম চাঁদার ভয়ে আত্মগোপনে ১১ চিকিৎসক, বন্ধ অনেক চেম্বার যশোর রেলস্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজারহাটের একটি হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ, ইসা আব্দুল্লাহ গেল কোথায় ? দু’একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় পৌঁছেছেন তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আ.লীগের কার্যক্রমের পাশাপাশি প্রচার-প্রচারণাও নিষিদ্ধ ২৪ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার অভয়নগরে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার ঢাকায় পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে নতুন দায়িত্বে বুলবুল মাগুরা সরকারি কলেজের সামনে পড়েছিল মিষ্টির বাক্স, ভেতরে মিলল বোমাসদৃশ বস্তু
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ কক্সবাজারের রিসোর্টে আগুন ট্রাজেডি

মনিরামপুরে তুহিনসহ পরিবারের ৪ জন নারায়নগঞ্জে ফারিয়া কবিরসহ ৩ জনের দাফন

❒ তুহিনের বাবার আহাজারী—কাঁদছে পুরো গ্রাম

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর , ২০২৬, ০৫:৪০:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-10-28_6ae1ef24dbf50.png

❒ মনিরামপুরে তুহিনসহ পরিবারের ৪ জনের জানাজা শেষে দাফন সম্পন্ন ছবি:

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো যশোরের মনিরামপুরের একই পরিবারের চার সদস্যকে পাশাপাশি চারটি কবরে সমাহিত করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার মোহনপুর গ্রামের বাঁধাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। প্রিয়জনদের শেষ বিদায় জানাতে সকাল থেকেই বাড়িতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

নিহতরা হলেন মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান তুহিন (৪১), তাঁর স্ত্রী আফসানা তানজি (৩৬) এবং তাঁদের দুই শিশু কন্যা রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।

বুধবার ভোরে কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁদের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। দীর্ঘ ১১ দিন অপেক্ষার পর পরিবারের চার সদস্যকে একসঙ্গে হারানোর শোক নিয়ে শেষবারের মতো তাঁদের দেখার সুযোগ পান স্বজনেরা। পরে জানাজা শেষে পাশাপাশি চারটি কবরে তাঁদের চিরনিদ্রায় শায়িত করা হয়।

‘বাবা, চিন্তা করো না, নাতিরা সি-বিচে খেলছে’

ছেলে, পুত্রবধূ ও দুই নাতনিকে হারিয়ে বাকরুদ্ধ বৃদ্ধ মতিয়ার রহমান। গ্রামের বাড়িতে একাই থাকেন তিনি। তাঁর স্ত্রী মারা গেছেন প্রায় ১০ বছর আগে। বড় ছেলে সিলেটে কর্মরত। ছোট ছেলে তুহিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে পরিবার নিয়ে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় বসবাস করতেন।

কান্নাজড়িত কণ্ঠে মতিয়ার রহমান বলেন, আগুন লাগার আগের রাতে ছেলের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। তুহিন তাঁকে বলেছিল, ‘বাবা তুমি চিন্তা করো না, তোমার নাতিরা সী-বিচে খেলছে। মঙ্গলবার ঢাকায় ফিরব, বুধবার তুমি মিরপুরের বাসায় চলে এসো।’

কিন্তু সেই কথোপকথনই হয়ে রইল বাবা-ছেলের শেষ কথা।

মতিয়ার রহমান বলেন, ‘আর কথা হলো না। ছুটিতে গ্রামে আসলে নাতিরা বাড়ি মাতিয়ে রাখতো। আজ ফুলের মতো মাসুম বাচ্চাগুলো পুড়ে শেষ হয়ে গেল। কত কষ্ট পেয়েছে আমার মানিকরা।’

ছেলে, পুত্রবধূ ও দুই নাতনির এমন মর্মান্তিক মৃত্যুতে তিনি শারীরিকভাবেও ভেঙে পড়েছেন। স্বজনদের ভাষ্য, শোকের পাশাপাশি তাঁর ডায়াবেটিসের মাত্রাও আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা, ১১ দিন পর মরদেহ হস্তান্তর

পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদুর রহমান তুহিন ঢাকার শ্যামলী এলাকায় অবস্থিত গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা ছিলেন। পূজার ছুটিতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি কক্সবাজার ভ্রমণে যান। ১৬ অক্টোবর তাঁরা ইনানীর টুপটুপ রিসোর্টে ওঠেন। ১৮ অক্টোবর তাঁদের ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল।

কিন্তু তার আগেই ১৭ অক্টোবর রিসোর্টটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে তুহিন, তাঁর স্ত্রী ও দুই কন্যাসহ একাধিক মানুষের মৃত্যু হয়। আগুনে মরদেহগুলো এতটাই বিকৃত হয়ে যায় যে, স্বাভাবিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয়।

নিহত তুহিনের চাচাতো ভাই খালিদ হোসেন জানান, মরদেহগুলো চেনার উপায় ছিল না। পরিচয় নিশ্চিত করতে তুহিনের বৃদ্ধ বাবা মতিয়ার রহমান ঢাকায় এসে ডিএনএ পরীক্ষার নমুনা দেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কক্সবাজারের হাসপাতাল থেকে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

‘সমুদ্রপাড়ে এমন অনিরাপদ রিসোর্ট আর নয়’

পরিবারের চার সদস্যকে হারানোর শোকের মধ্যেও সমুদ্রপাড়ের রিসোর্টগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন মতিয়ার রহমান।

তিনি বলেন, ‘কক্সবাজারে সমুদ্রপাড়ে যেভাবে অস্থায়ী কাঠের রিসোর্ট গড়ে তোলা হয়েছে, তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, মানুষের সুরক্ষার স্বার্থে সমুদ্রপাড়ে যেন এমন অনিরাপদ রিসোর্ট আর গড়ে তুলতে দেওয়া না হয়।’

তাঁর এই আকুতি এখন শোকাহত পরিবারের গণ্ডি ছাড়িয়ে পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

একই পরিবারের চার কবর, এমন দৃশ্য দেখেননি গ্রামবাসী

মোহনপুর গ্রামের স্থানীয় প্রবীণ বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘একসঙ্গে একই পরিবারের চারজনের জন্য চারটি কবর খোঁড়া হচ্ছে—এমন ভয়াবহ ও বেদনাদায়ক দৃশ্য আমাদের গ্রামে এর আগে কখনো দেখিনি।’

চারটি কবরের পাশে স্বজনদের কান্না আর শোকাহত মানুষের ভিড়ে মোহনপুরে নেমে আসে গভীর শোকের ছায়া। যে বাড়ি শিশুদের হাসি-আনন্দে মুখর থাকার কথা, সেখানে এখন শুধুই শূন্যতা।

একই অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জেও তিনজনের দাফন

কক্সবাজারের একই অগ্নিকাণ্ডে নিহত আরেক পরিবারের তিন সদস্যকে বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লায় দাফন করা হয়েছে। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার্স ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী নাফিজ তেহামি (২৪), তাঁর বড় বোন ফারিয়া কবির (৩৩) এবং ফারিয়ার সাত বছর বয়সী ছেলে মো. ফাইজান নূর।

বুধবার বাদ জোহর ফতুল্লার পোস্ট অফিসসংলগ্ন শাহজাহান রোলিং মিলের পাশে বায়তুল নাজাত জামে মসজিদে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাঁদের দাদার কবরের পাশে সমাহিত করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতদের দাদা ও নানার বাড়ি নারায়ণগঞ্জে।

নাফিজের বাবা জিহাদুল কবির একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ফারিয়ার স্বামী নূর আলম ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে কর্মরত। ফাইজান চুয়াডাঙ্গার প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের কেজি-টু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনেরা জানান, একসঙ্গে পরিবারের তিন সদস্যকে হারিয়ে তাঁরা শোকে পাথর হয়ে গেছেন। তাঁদের ভাষ্য, একটি দুর্ঘটনায় পরিবারের একটি প্রজন্ম শেষ হয়ে গেছে। মেধাবী তরুণ নাফিজকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা ছিল। তাঁর অকালমৃত্যুতে সেসব এখন শুধুই স্মৃতি।

রিসোর্ট কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, যথাযথ ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।

পরিবার সূত্রে জানা গেছে, মোট ১০ জন মিলে তাঁরা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। অগ্নিকাণ্ডে নিহত আরেক খালাতো বোন মেহজাবিনকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এবং অন্য দুই খালাতো বোন ইসরাত জাহান ও লায়লা জাহান নাবিলাকে টাঙ্গাইলের নাগরপুরে দাফন করা হয়েছে।

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে ১৭ অক্টোবরের অগ্নিকাণ্ডে মোট ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে মনিরামপুরের একই পরিবারের চারজন এবং নারায়ণগঞ্জের একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন হলো।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝