সোমবার , ৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বিজয়া দশমীতে সিঁদুর খেলতে গিয়ে নববধূর আকস্মিক মৃত্যু
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর , ২০২৬, ০৯:২৯:০০ এ এম
সাতক্ষীরা প্রতিনিধি:
Shornolota_2026-10-22_6ada0ffe43190.JPG

❒ বিজয়া দশমীতে সিঁদুর খেলতে গিয়ে নববধূর আকস্মিক মৃত্যু ছবি:

বিয়ের মাত্র চার মাসের মাথায় বিজয়া দশমীর উৎসবে যোগ দিতে বাবার বাড়িতে এসে প্রাণ হারালেন তন্নি দে (২০)। প্রতিমা বিসর্জনস্থলে ননদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। আনন্দঘন উৎসবের মধ্যে এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে।

তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর এবারই প্রথম দুর্গাপূজা উপলক্ষে বাবার বাড়িতে এসেছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে গিয়ে সিঁদুর খেলার আনুষ্ঠানিকতায় অংশ নেন তন্নি। একপর্যায়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি।

স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। মেয়ের আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাবা মহাদেব দেসহ পরিবারের সদস্যরা।

তালা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার ও স্থানীয় সূত্রে তাঁর মৃত্যুর বিষয়টি জানা গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নববধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎ বুকে ব্যথা অনুভবের পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাঁদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝