| শিরোনাম |
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সহকারী অধ্যাপক পদে ড. মো. মাহমুদুল হাসানের নিয়োগে অনিয়মের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় নিয়োগ প্রক্রিয়ায় বিধিবিধান লঙ্ঘন, যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান, সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ এবং তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব। তিনি বর্তমানে অবসরপ্রাপ্ত।
মামলার এজাহারে দুদকের উপসহকারী পরিচালক তাওহিদুল ইসলাম উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, নিয়োগ নীতিমালা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা উপেক্ষা করে মাহমুদুল হাসানকে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, অন্য চার আসামি পরস্পর যোগসাজশে মাহমুদুল হাসানকে অবৈধ সুবিধা দিয়ে নিয়োগ পাইয়ে দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। এ ক্ষেত্রে দুর্নীতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
মামলায় আরও বলা হয়েছে, ওই পদে নিয়োগ পাওয়ার পর ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বেতন-ভাতা বাবদ সরকারি কোষাগার থেকে ৫৫ লাখ ১২ হাজার ৭৯৩ টাকা উত্তোলন করেছেন মাহমুদুল হাসান।
অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে মামলার অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে আসামিদের দায় নির্ধারিত হবে।