| শিরোনাম |
খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। জেলার তেলিগাতী এলাকায় চুরির অপবাদ দিয়ে পিটিয়ে সাজমীর (২২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। অন্যদিকে নগরীর সোনাডাঙ্গায় ধারালো অস্ত্রের হামলায় নিহত হয়েছেন মোস্তাকিন (২৮)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজমীরের মৃত্যু হয়। তিনি তেলিগাতী এলাকার রুহুল কুদ্দুসের ছেলে।
খানজাহান আলী থানার ওসি লোকমান হোসেন জানান, গত শনিবার রাতে কুয়েটের সাবেক এক শিক্ষার্থীর মোবাইল ও ভারতীয় রুপি চুরির অভিযোগে স্থানীয় কয়েকজন যুবক সাজমীরকে মারধর করে। পরে রোববার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। থানায় অভিযোগ করার জন্য অনুরোধ করা হলেও তারা তা করেনি। মরদেহের ময়নাতদন্ত করা হবে। পরিবার অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় চারটি মোটরসাইকেলে আসা হামলাকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিন (২৮) খুলনা সদর থানার আলকাতরা মিল এলাকার বাসিন্দা শহিদুলের ছেলে। তিনি নগরের একটি ইলেকট্রিক দোকানে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, রাতে তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিলেন মোস্তাকিন। এ সময় চারটি মোটরসাইকেলে আসা আটজনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।