| শিরোনাম |
সাতক্ষীরা সদর উপজেলার তালতলা মাগুরা এলাকা থেকে বোরকা পরা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা এলাকার বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের কর্মচারী শরিফুল ইসলাম সকালে ভ্যানে বালু লোড করার সময় পাশেই মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে যান। এ সময় তিনি ডোবার মধ্যে এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখেন এবং বিষয়টি তার মালিক আলমগীর হোসেনকে জানান। আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হয়ে তাৎক্ষণিক পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহটি উদ্ধার করেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রাও তাকে চিনতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, “পিবিআই ও পুলিশের যৌথ টিম নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”