| শিরোনাম |
❒ ফাইল ছবি:
যশোরে অস্ত্র আইনের একটি মামলায় ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান এ চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার পূর্ব কোটা কেরালকাতা এলাকার আবু মুসার ছেলে ও বর্তমানে যশোর শহরের পোস্টঅফিস পাড়ার ভাড়াটিয়া আলী হোসেন (৩৩), সদর উপজেলার খোলাডাঙ্গা মুন্সীপাড়ার মৃত মাহাবুবুর রহমান মবুর ছেলে খালিদুর রহমান টিটু (৩৩), একই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আলাউদ্দিন রাজু (৪০), খোলাডাঙ্গা কলোনিপাড়ার মোকারম হোসেনের ছেলে মোহন (৩৫), খোলাডাঙ্গার আব্দুল আজিজের ছেলে কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল (৪৭) এবং শহরের কারবালা রোড এলাকার শেখ নুরুদ্দীনের ছেলে শেখ মঈন উদ্দীন ফেরদৌস (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল দুপুরে যশোর শহরের এম কে রোডের সন্ধানী সুপার মার্কেটের মেসার্স তন্নী টেলিকমে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় দোকানের মালিক আলী হোসেনকে আটক করা হয়। পরে দোকানের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধারের দাবি করে পুলিশ।
এ ঘটনায় আলী হোসেনকে আটক এবং খালিদুর রহমান টিটুসহ অজ্ঞাতনামা আরও একজনকে পলাতক আসামি দেখিয়ে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেন তৎকালীন ডিবি পুলিশের এসআই অলক কুমারদে।
মামলাটি তদন্তের দায়িত্ব পান ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান। তদন্তকালে অস্ত্র কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলী হোসেন ও খালিদুর রহমান টিটু ছাড়াও শেখ মঈন উদ্দীন ফেরদৌস, কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল, আলাউদ্দিন রাজু ও মোহনের নাম উঠে আসে।
এদের মধ্যে খালিদুর রহমান টিটু,শেখ মঈন উদ্দীন ফেরদৌস,কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল এবং আলাউদ্দিন রাজুকে বিভিন্ন সময়ে আটক করা হয়েছে। তবে মোহনকে আটক করা সম্ভব হয়নি।
তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. সালাউদ্দিন খান।