| শিরোনাম |
সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। তিনি জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির পাশাপাশি নিয়মিত মামলা, ডিলারশিপ বাতিলসহ প্রচলিত আইনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে চৌগাছা উপজেলার সার ডিলারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় উপজেলার ১৬ জন বিসিআইসি এবং ২২ জন বিএডিসি সার ডিলার অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনিব, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি ইউনূস আলী দফাদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, মো. আব্দুল্লাহ এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম হুসাইনসহ সংশ্লিষ্টরা।
মতবিনিময় সভায় সাম্প্রতিক সময়ে দেখা দেওয়া সার সংকট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ইউএনও ফারজানা ইসলাম সার সংক্রান্ত সরকারি নীতিমালা ও আইন যথাযথভাবে মেনে চলার জন্য ডিলারদের প্রতি নির্দেশ দেন।
তিনি বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় সার সরবরাহ ব্যবস্থায় কোনো অনিয়ম বরদাশত করা হবে না। প্রয়োজনে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং প্রত্যেক ডিলারের গুদামে নিয়মিত অভিযান চালিয়ে মজুত পরিস্থিতি যাচাই করা হবে।
এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তাদের পাশাপাশি ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন ইউনিয়নের সার বিক্রয় কেন্দ্র নিয়মিত পরিদর্শন করে সার সরবরাহ ও বিক্রয় কার্যক্রম তদারকির নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।