সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চৌগাছায় ১৩ টনের বেশি অবৈধ সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট , ২০২৬, ০১:৪৬:০০ পিএম
চৌগাছা সংবাদদাতা:
Shornolota_2026-08-26_6a8eee9acd6ad.JPG

❒ চৌগাছায় ১৩ টনের বেশি অবৈধ সার জব্দ ছবি:

যশোরের চৌগাছায় অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ আগস্ট) পৌর শহরের পারবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে ১৩ হাজার ৫৫০ কেজি সার জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে সার মজুতের দায়ে খাইরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী, জব্দ করা সার সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি রাজস্ব কোষাগারে জমা দেওয়া হবে।

বুধবার বেলা ১১টার দিকে চৌগাছা পৌর শহরের পারবাজার এলাকায় খাইরুল ইসলামের দোকানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনিব। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, চৌগাছা থানার এসআই হোসেন পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে খাইরুল ইসলাম সার বিক্রির বৈধ কোনো কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি। পরে তার দোকানে তল্লাশি চালিয়ে ২৮ বস্তা এমওপি, ১৪৭ বস্তা টিএসপি, ৯ বস্তা ডিএপি এবং ৮৭ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। মোট ২৭১ বস্তা এই সারের খুচরা বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫৩ হাজার ৩৫০ টাকা।

ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে সার মজুতের অপরাধ স্বীকার করায় খাইরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে তিনি জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে অবৈধভাবে সার মজুত বা ব্যবসা করবেন না মর্মে মুচলেকা দেন।

এর আগে গত ২৫ আগস্ট চৌগাছায় অবৈধভাবে অন্যত্র পাচারের সময় জনতার হাতে ৩৭ বস্তা সার আটক হয়। ওই চালানে টিএসপি, ইউরিয়া, ডিএপি ও এমওপি সার ছিল, যার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা। পরে এসিল্যান্ড জিএমএ মুনিবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেগুলোও সরকারি ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। এ ঘটনায় সার পরিবহনে ব্যবহৃত আলমসাধুর চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

কৃষকদের জন্য নির্ধারিত সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝