মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩
সংবাদ শিরোনাম :
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, খলিলুর রহমান কি ছুটিতে?
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট , ২০২৬, ০৯:২৯:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-08-22_6a89c0816f813.jpg

❒ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী ছবি:

পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই সঙ্গে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনের বিষয়টি। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগে থেকেই দায়িত্বে থাকলেও মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরকেও একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

ফলে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। এই পরিস্থিতিতে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের কারণে ড. খলিলুর রহমান কি আগামী এক বছরের জন্য ছুটিতে যাচ্ছেন?

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগে সভাপতি প্রার্থী হিসেবে জাতিসংঘে দেওয়া এক সাক্ষাৎকারে ড. খলিলুর রহমান জানিয়েছিলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। তবে প্রয়োজনে ছুটিতে যেতে পারেন বলে সে সময় ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

তার ভাষ্য ছিল, প্রধানমন্ত্রী তাকে এক বছরের জন্য পূর্ণকালীনভাবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন। এ ক্ষেত্রে পদত্যাগই একমাত্র পথ নয়, ছুটিতেও যাওয়া সম্ভব বলে মন্তব্য করেছিলেন তিনি।

তবে নির্বাচিত হওয়ার পর গত ৪ জুন দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছুটিতে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ড. খলিলুর রহমান বিষয়টি নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন। তিনি জানান, একই ব্যক্তি একসঙ্গে দুটি দায়িত্ব পালনের নজির রয়েছে।

এ প্রসঙ্গে তিনি প্রায় ৪০ বছর আগের উদাহরণও তুলে ধরেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর একই সঙ্গে দুটি দায়িত্ব পালন করেছিলেন বলে জানান ড. খলিলুর রহমান। সে সময় তিনি হুমায়ুন রশীদ চৌধুরীর একান্ত সচিব হিসেবে কাজ করেছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির কারণে একসঙ্গে দুটি দায়িত্ব সামলানো আগের তুলনায় আরও সহজ। একই সঙ্গে তিনি জার্মানির একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রীর উদাহরণ দিয়ে বলেন, ওই ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে জাতিসংঘের সংশ্লিষ্ট পদে কাজ করেছিলেন ভিন্ন রাজনৈতিক বাস্তবতার কারণে।

আগামী ৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও যোগ দেওয়ার কথা রয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, ড. খলিলুর রহমানের অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় দুই প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তবে পররাষ্ট্রমন্ত্রী আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ছুটিতে যাচ্ছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। কাজের সুবিধা ও গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী দলগতভাবে কাজ করবেন তারা।

ফলে একদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের নতুন দায়িত্ব, অন্যদিকে একই মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর নিয়োগ- সব মিলিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামো নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। এখন দেখার বিষয়, পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে দুই দায়িত্ব চালিয়ে যাবেন, নাকি আনুষ্ঠানিকভাবে এক বছরের জন্য ছুটিতে যাবেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝