সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মাঠে মিরাজের সঙ্গে তর্ক, পরদিন সকালে স্টার্কই বললেন ‘আমারও ভুল হয়েছে’
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট , ২০২৬, ০২:২৭:০০ পিএম
স্বর্ণলতা ক্রীড়া ডেস্ক:
Shornolota_2026-08-15_6a805b6978091.JPG

❒ মাঠে মিরাজের সঙ্গে তর্ক, পরদিন সকালে স্টার্কই বললেন ‘আমারও ভুল হয়েছে’ ছবি:

মাঠে আগ্রাসী আচরণের জন্য অস্ট্রেলিয়ার পেসারদের আলাদা পরিচিতি আছে। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও তার ব্যতিক্রম ছিল না। মেহেদী হাসান মিরাজের সঙ্গে মিচেল স্টার্কের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে তখন তৈরি হয়েছিল আলোচনা। তবে এক দিন পরই সেই ঘটনার ব্যাখ্যা দিলেন মিরাজ।

তৃতীয় দিনের খেলা শেষে মিরাজ জানান, পরদিন সকালে স্টার্ক নিজেই তার সঙ্গে কথা বলেছেন এবং আগের দিনের ঘটনায় নিজের ভুলের কথাও স্বীকার করেছেন।

মিরাজ বলেন, ব্যাটিং করার পর স্টার্ক সামনে চলে এসেছিলেন। তিনিও বল দেখতে না পেয়ে উইকেটের ভেতর দিয়ে রান নিয়েছিলেন। পরে স্টার্ক তাকে বলেন, ‘না, ঠিক আছে। এটা আমারও ভুল হয়েছে। তবে ঠিক আছে, সব ঠিক আছে।’

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের প্রথম বলেই চার মারেন মিরাজ। পরের তিন বল ডট হওয়ার পর পঞ্চম বলে সিঙ্গেল নিতে যান তিনি। এ সময় বলের দিকে তাকিয়ে থাকা স্টার্কের প্রায় সামনে চলে যান মিরাজ।

রান নেওয়ার সময়ই আম্পায়ার ধর্মসেনা মিরাজকে সতর্ক করেন। মিরাজ নিজের ভুলের বিষয়টি বলতে থাকলেও স্টার্ক মেজাজ হারিয়ে বলেন, ‘এটা আমার ফলো থ্রু। উইকেট থেকে সরে দাঁড়াও।’

নিজের জায়গায় ফেরার সময় স্টার্ককে আরও বলতে শোনা যায়, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’

তবে পরদিন সকালে সেই উত্তাপ আর থাকেনি। মিরাজের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেন স্টার্ক।

এদিকে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করার লক্ষ্য জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, যত কম রানের মধ্যে অস্ট্রেলিয়াকে আটকে রাখা যায়, সেটিই এখন বাংলাদেশের চেষ্টা। এর মধ্যে আরও তিন থেকে চারটি উইকেট নিতে পারলে বাংলাদেশের কাজ সহজ হবে বলে মনে করেন তিনি।

মিরাজ বলেন, উইকেট এখনো ভালো আছে। তবে প্রতিটি উইকেট পেতে বোলারদের কঠিন পরিশ্রম করতে হচ্ছে। তাই ভালো জায়গায় বল করাই তাদের মূল লক্ষ্য।

দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন মিরাজ। তার মতে, সবাই ভালো ক্রিকেট খেলছে এবং নিজেদের দায়িত্ব নিচ্ছে। দল হিসেবে বাংলাদেশের এ পারফরম্যান্সই তার কাছে সবচেয়ে ভালো লাগছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝