| শিরোনাম |
❒ কাঠালতলা এলাকায় সাবেক স্ত্রী ও ছেলেকে কুপিয়ে জখম ছবি:
যশোর শহরে সাবেক স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মোফাজ্জেল হোসেন তাপস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন কসবা রায়পাড়া কাঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রাজিয়া সুলতানা ও তার ছেলে তাহসিন হোসেন অন্তিম। তারা বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। রাজিয়া সুলতানা অভিযুক্ত তাপসের সাবেক স্ত্রী। প্রায় ১৫ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
হাসপাতালে চিকিৎসাধীন মা-ছেলের দাবি, পারিবারিক বিরোধের জেরে সোমবার রাতে বাড়ির সামনে প্রথমে তাহসিনকে মারধর করেন তাপস। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে রাজিয়া সুলতানার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে মা-ছেলের ওপর হামলা চালানো হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
রাজিয়া সুলতানার অভিযোগ, স্বামীর একাধিক নারী-সংক্রান্ত সম্পর্কের কারণেই ১৫ বছর আগে তাদের বিচ্ছেদ হয়েছিল। তার দাবি, তাপসের চাচাতো বোন মিতুর সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে এবং তার প্ররোচনায় দীর্ঘদিন ধরে তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছিল। এই হামলাও পূর্বপরিকল্পিত বলে তিনি অভিযোগ করেন।
তাহসিন হোসেন অন্তিম জানান, তাদের নানা বাড়ি ও বাবার বাড়ি পাশাপাশি। তার মা একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার আগের দিন এক সহকর্মী তাকে বাড়ির সামনে নামিয়ে দিলে তার বাবার তিন সহযোগী মা ও ওই সহকর্মীকে হুমকি দেন। পরে বিষয়টি জানতে তিনি বাবার বাড়িতে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে জানতে পারেন, সংশ্লিষ্ট সময়ের ভিডিও মুছে ফেলা হয়েছে। এ নিয়ে চাচার সঙ্গে কথা বলার পর তার বাবা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। মাকে বাঁচাতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে দাবি করেন তিনি।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মামুনুল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।