| শিরোনাম |
❒ জাহিদ হাসান টুকুনের সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল ছবি:
প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের কর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। দোয়া মাহফিলে তার সফল চিকিৎসা, দ্রুত আরোগ্য এবং সুস্থভাবে কর্মজীবনে ফিরে আসার প্রত্যাশায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌল্লা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীল নান্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুসহ শেখ দিনু আহম্মেদ এবং জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদ হাসান টুকুন বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদযন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত বাইপাস (ওপেন হার্ট) সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র জগতে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার অসুস্থতার সংবাদে সাংবাদিক সমাজের পাশাপাশি অসংখ্য শুভানুধ্যায়ীর মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তারা তার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ও কর্মক্ষেত্রে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাইপাস (ওপেন হার্ট) সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে। তার দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচার কামনায় মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।