রবিবার , ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
খেলা চালিয়ে যেতে নেইমারকে বাবার খোলাচিঠি

❒ আবেগঘন পোস্টে-‘ছেলে, ফুটবল খেলে যাও, কিছু বিষয় থাকে মানুষের হাতে, কিন্তু কিছু সিদ্ধান্ত শুধু ঈশ্বরই নেন

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই , ২০২৬, ০৯:৪৬:০০ পিএম
স্বর্ণলতা ক্রীড়া ডেস্ক:
Shornolota_2026-07-07_6a4d2066bff10.JPG

❒ নরওয়ে ম্যাচের পর বিদায়ের ঘোষণা দেন নেইমার ছবি:

নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। সেলেসাওদের বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ইঙ্গিত দেন নেইমার। তারকা ফরোয়ার্ডের এই সিদ্ধান্তে ব্যথিত ভক্তরা। খোদ তাঁর বাবা নেইমার সিনিয়রও বিষয়টি মানতে পারছেন না। তাই ছেলেকে খেলা চালিয়ে যেতে বলছেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় নেইমার সিনিয়র লিখেছেন, ‘ওহ্‌ ছেলে...কী অসাধারণ এক যাত্রা। কী সুন্দর এক পথচলা। কঠিন, অনেক সময় বেদনাদায়ক, কিন্তু অসীম আশীর্বাদে ভরা। মনে হয়, যেন গতকালই তোমাকে পায়ে বল নিয়ে স্বপ্ন দেখতে দেখেছিলাম। তখন তুমি কল্পনাও করতে পারোনি, ঈশ্বর তোমাকে কত দূর নিয়ে যাবেন। খুব ছোটবেলাতেই বুঝেছিলাম, তোমার মধ্যে অন্য রকম কিছু আছে। সেটা শুধু প্রতিভা ছিল না। এর পেছনে ছিল একটি উদ্দেশ্য।’

নেইমারের ক্যারিয়ারের উত্থানপতনে পাশে থাকার অভিজ্ঞতা তুলে ধরে নেইমার সিনিয়র লেখেন, ‘আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। তোমার সুখের ও কঠিন সময়গুলোতে পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা একসঙ্গে কেঁদেছি, একসঙ্গে প্রার্থনা করেছি, একসঙ্গে উদ্‌যাপন করেছি এবং একসঙ্গে শিখেছি।’


চিঠির সবচেয়ে আবেগঘন অংশে ছেলেকে ফুটবলে থাকার অনুরোধ জানিয়ে নেইমারের বাবা বলেন, ‘ছেলে, ফুটবল খেলে যাও। পায়ে বল থাকার সেই আনন্দটা আবার খুঁজে নাও। মাঠের সেই হাসিটা আবার ফিরে পাও। আজ তুমি সুস্থ আছ। ঈশ্বর তোমাকে আরেকটি সুযোগ দিয়েছেন, সেই কাজটি করার জন্য যা তুমি সব সময় ভালোবেসেছ। খেলাটাকে উপভোগ করো। জীবনের সিদ্ধান্ত, সমালোচনা, প্রত্যাশা কিংবা বাধার ভার নিজের কাঁধে নিয়ো না। কিছু বিষয় মানুষের হাতে থাকে, কিন্তু কিছু সিদ্ধান্ত শুধু ঈশ্বরের হাতে।’

নেইমারের বাবা বিশ্বাস প্রকাশ করে বলেন, তাঁর ছেলের গল্প এখনো শেষ হয়নি, ‘এখন নেওয়া কোনো সিদ্ধান্ত তোমার পুরো গল্পকে নির্ধারণ করে না। কোনো স্বপ্ন এখনো পূরণ হয়নি মানেই সেটি শেষ হয়ে যায়নি। কঠিন কোনো মুহূর্ত কখনো গল্পের শেষ অধ্যায় লিখে দেয় না। আমাদের জীবনের শেষ অধ্যায় একমাত্র সৃষ্টিকর্তাই লেখেন। তত দিন পর্যন্ত সুখী থেকো। স্বচ্ছন্দে ফুটবল খেলো। আবারও মানুষকে আনন্দ দাও। ছোটবেলা থেকেই ঈশ্বর তোমার হাতে যে প্রতিভা দিয়েছেন, সেটিই করে যাও।’

নেইমার সিনিয়র আরও যোগ করেন, ‘আর কখনো ভুলে যেয়ো না—বিশ্ব তোমাকে ভালোবাসার আগে, সৃষ্টিকর্তা সব সময় তোমাকে ভালোবেসেছেন। ছেলে, আমি সবকিছু আবারও করতাম। প্রতিটি ভ্রমণ, প্রতিটি ত্যাগ, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি দুশ্চিন্তা, প্রতিটি প্রার্থনা।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝