| শিরোনাম |
❒ জেলার ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বীজ বপন কর্মসূচি শুরু
❒ যশোরের ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বীজ বপন কর্মসূচি শুরু ছবি:
যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের সুনাম ধরে রাখতে জেলার বিভিন্ন স্থানে ২০ লাখ খেজুর বীজ বপনের কর্মসূচি হাতে নিয়েছে সামাজিক সংগঠন ‘উদ্যাম’। সোমবার (৮ জুন) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশসেরা কৃষি কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন-যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী, উদ্যামের আহ্বায়ক রিশাদ হাসান বিপ্পি, সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উদ্যামের সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলসান জানান, উদ্বেগজনক হারে কমে যাচ্ছে যশোরের খেজুরগাছ ও গাছির সংখ্যা। গত পাঁচ বছরে জেলায় প্রায় ৫০ হাজার খেজুরগাছ এবং দেড় হাজারের মতো গাছি কমে গেছে। ফলে বছরে প্রায় ৫৫ লাখ লিটার খেজুরের রস উৎপাদন হ্রাস পেয়েছে। এতে একসময় যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, “খেজুরগাছ শুধু একটি গাছ নয়, এটি যশোর অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এ ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যেই ২০ লাখ খেজুর বীজ বপনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
আয়োজকরা জানান, আগামী দুই সপ্তাহ ধরে জেলার বিভিন্ন সরকারি পতিত জমি ও সড়কের দুপাশে খেজুরের বীজ বপন করা হবে। কর্মসূচিতে সহযোগিতা করছে যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ।
উদ্বোধনী দিনে সদর উপজেলার কনেজপুর থেকে নিমতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কের দুই পাশে খেজুরের বীজ বপন করা হয়।