বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনসিপির অভিনব কর্মসূচি
প্রকাশ : সোমবার, ১ জুন , ২০২৬, ০৭:১৫:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-06-01_6a1d9a4f54f7d.JPG

❒ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনসিপির অভিনব কর্মসূচি ছবি:

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে যশোরে অভিনব কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মোটরসাইকেলে চড়ে নয়, বরং সেগুলো ঠেলে শহরের সড়কে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (১ জুন) বিকেলে চিত্রার মোড় থেকে শুরু হওয়া এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাড়িখানা তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল। উপস্থিত ছিলেন দলের যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে খালিদ সাইফুল্লাহ জুয়েল বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ১০০ দিনের মধ্যেই তাদের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নামতে হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, অতীতে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও হরমুজ প্রণালীর সংকটের কারণে মূল্যবৃদ্ধি মেনে নেওয়ার মতো পরিস্থিতি ছিল। কিন্তু বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার পরও দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। একই সঙ্গে তিনি সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ব্যর্থতা এবং গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ তোলেন।

তিনি আরও বলেন, তেলের দাম বাড়ার প্রভাব সরাসরি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ওপর পড়বে। এতে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। পরিস্থিতির পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেন তিনি।

যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ বলেন, রাতের অন্ধকারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার অতীতের স্বৈরাচারী শাসনের পথেই হাঁটছে। বিশ্ববাজারের অজুহাতে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জনগণের অধিকার আদায়ে আবারও রাজপথে সক্রিয় হওয়ার ঘোষণাও দেন তিনি।

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুবশক্তির কেন্দ্রীয় নেতা বায়োজিদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

উল্লেখ্য, এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন ঘোষণায় প্রতি লিটার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝