| শিরোনাম |
❒ প্রতিবেশির সাথে জমি নিয়ে বিরোধের জের
❒ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ
❒ যশোরে রাশেদ খানের বাড়িতে হামলা-ভাঙচুর, প্রতিমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন ছবি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত প্রায় ৯টার দিকে শহরের খোলাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে রাশেদ খান উল্লেখ করেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে বাড়ির প্রাচীর ও তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
রাশেদ খানের বাড়িতে হামলার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে সেখানে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তিনি রাশেদ খান ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।
এ সময় রাশেদ খান তার দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি মো. মাসুম খান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।