| শিরোনাম |
❒ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে প্রতিযোগিতা
❒ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে প্রতিযোগতা ছবি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাঠে তিন দিনের (৪–৬ মে) প্রতিযোগিতার শেষ মুহূর্তে যখন পদক তালিকা চূড়ান্ত হচ্ছিল, তখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। একের পর এক ইভেন্টে সাফল্য এনে দিয়ে তারা শুধু পদকই নয়, প্রতিদ্বন্দ্বিতার উত্তাপও বাড়িয়ে তোলে।
আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা–২০২৬-এ যবিপ্রবি মোট পাঁচটি স্বর্ণপদক জিতে দারুণ চমক দেখায়। ছেলেদের দল ৪৩ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে রানারআপ হয়। মেয়েদের দল ৩৪ পয়েন্ট পেয়ে এককভাবে দ্বিতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতার ট্র্যাকে সবচেয়ে বেশি আলো ছড়ান শাহরিয়ার, মারুফ ও সৌরভ। শাহরিয়ার ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ, ৪০০ মিটার হার্ডেলসে রৌপ্য এবং ৮০০ মিটারে ব্রোঞ্জ জেতেন। মারুফ ২০০ মিটারে স্বর্ণ ও ১০০ মিটারে রৌপ্য অর্জন করেন। সৌরভ দীর্ঘ লাফে স্বর্ণ জয়ের পাশাপাশি ১০০ মিটারে ব্রোঞ্জ পান। বর্শা নিক্ষেপে আলীর স্বর্ণ জয় যবিপ্রবির সাফল্যে নতুন মাত্রা যোগ করে।
মেয়েদের বিভাগেও ছিল সমান উচ্ছ্বাস। সামিয়া দীর্ঘ লাফে স্বর্ণ এবং ২০০ মিটারে রৌপ্য জিতে দলকে এগিয়ে নেন। এছাড়া আঁখি, আইভি ও অন্তিকা বিভিন্ন ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ এনে দলীয় অবস্থান আরও শক্ত করেন। রিলে ইভেন্টেও ছেলেমেয়ে উভয় দল রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করে।
যবিপ্রবির অ্যাথলেটিক্স দলের কোচ ও শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ হেল কাফি বলেন, “ছাত্র ও ছাত্রী উভয় দলই রানারআপ হয়েছে। যদিও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ছিল, তবুও এটি বড় সাফল্য। ভবিষ্যতে আরও ভালো করার জন্য আমরা কাজ করছি।”
প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে ছেলেদের বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম, যবিপ্রবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যৌথভাবে দ্বিতীয় হয়। মেয়েদের বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম এবং যবিপ্রবি দ্বিতীয় স্থান অর্জন করে।