| শিরোনাম |
❒ গুলিবিদ্ধ রাজু হাওলাদার ছবি:
খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সেও আবারও হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ প্রথমে জানায়, এটি ফাঁকা গুলির ঘটনা। পরে গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালায়।
এ সময় অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে গিয়ে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় আবারও ঢাকার উদ্দেশে রওনা হয় অ্যাম্বুলেন্সটি। রাজু বর্তমানে ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় পুলিশ প্রহরায় রয়েছেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, গুলিবিদ্ধ রাজুকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রাজু ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলেও তিনি জানান।