| শিরোনাম |
যশোরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দৈনিক দেশ রূপান্তরের সপ্তম বর্ষপূর্তি। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এস এম শাহীন বলেন, দেশে পত্রিকার সংখ্যা বাড়লেও পাঠক কমছে। কাঙ্ক্ষিত সংবাদ না থাকায় পাঠক হারাচ্ছে পত্রিকা। অপসাংবাদিকতা বেড়েছে উল্লেখ করে তিনি বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ওপর গুরুত্ব দেন। দেশ রূপান্তরের অনুসন্ধানী সাংবাদিকতার ধারার প্রশংসা করে তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য দেন—যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোরের তথ্য অফিসার এলিন-সাঈদ উর রহমান, যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন টিপু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং দৈনিক বাংলার ভোরের প্রকাশক-সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন।
স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তরের যশোর জেলা প্রতিনিধি তবিবর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।