বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ‘মব’ থামছে না

যশোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

❒ নিহত ফারুক কেশবপুরের হলেও অভয়নগরে বাবা ও বোনকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন

প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ০৮:০৮:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-04-07_69d5253e29e08.jpg

❒ নৃশংসভাবে পিটিয়ে হত্যার শিকার কেশবপুরের ফারুক ছবি:

যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বরসংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন কেশবপুরের গহরভাঙা গ্রামের আনসার উদ্দিনের ছেলে। তিনি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন গুয়াখোলা গ্রামে নজরুল মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন। তার পরিবারে বাবা ও বোন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইজিবাইক স্ট্যান্ডের ভেতরে এক যুবককে পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল যুবক। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহতের বোন তাসনিয়া তাসিন তিশা বলেন, ‘আমার বড়ভাই ফারুক হোসেন একজন মানসিক রোগী ছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তবে আমার ভাই অপরাধ করে থাকলে তাকে এভাবে পিটিয়ে হত্যা না করে পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, ‘মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) এসএম. নুরুজ্জামান বলেন, ‘চোর সন্দেহে পিটিয়ে আহত করা এক যুবককে নূরবাগ ইজিবাইকস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝