বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে অস্ত্র রেখে আলীকে ফাঁসানোর অভিযোগ, রহস্যেঘেরা সিসিটিভি ফুটেজ জমা

❒ এসপিকে সিসিটিভি ফুটেজ দিয়ে তদন্ত দাবি মোবাইল ব্যবসায়ী সমিতির

প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ১১:৩১:০০ এ এম , আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ০৯:৪৭:৩২ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-04-07_69d507c469267.JPG

❒ আটক সন্ধানী সুপার মার্কেটের আলী হোসেন ছবি:

যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটের ব্যবসায়ী আলী হোসেনকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছেন যশোর জেলা ইলেকট্রনিক্স ও মোবাইল ব্যবসায়ী সমিতির নেতারা। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় তারা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করে এ দাবি জানান।

ব্যবসায়ীরা দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ সুপারের কাছে হস্তান্তর করে তদন্তের দাবি করেছেন। তাদের দাবি, তৃতীয় কোনো ব্যক্তি আলী হোসেনের অজান্তে দোকানে অস্ত্র রেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ সুপার অভিযোগ শুনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশারকে তদন্তের নির্দেশ দেন।

সমিতির সাধারণ সম্পাদক আদনান রহমান ডলার জানান, ফুটেজে দেখা যায় এক ব্যক্তি ‘তন্বী ইলেকট্রনিক্স’ দোকানে এসে আলী হোসেনের টেবিলের নিচে কিছু রেখে যায়। পরে ডিবি পুলিশ গিয়ে একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার দেখিয়ে আলী হোসেনকে আটক করে।

ঘটনাটি নিয়ে সন্দেহ হলে প্রায় ৫০ জন ব্যবসায়ী প্রথমে চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানের কাছে যান। তাকে না পেয়ে তারা পুলিশ সুপারের সাথে দেখা করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সমিতির সভাপতি মঙ্গল শিকদার।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, আলী হোসেনকে ফাঁসানোর কোনো অভিযোগ তিনি করেননি। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় এবং তিনি অস্ত্রের মধ্যস্থতাকারী হতে পারেন বলে ধারণা পুলিশের। সিসি ফুটেজে দেখা ব্যক্তিকে আলী হোসেন পরিচিত বললেও নাম-পরিচয় দিতে পারেননি। বিষয়টি তদন্তাধীন এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

ডিবির এসআই অলোক কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে; ফাঁসানোর বিষয়টি পুলিশের কাছে প্রতীয়মান হয়নি।

উল্লেখ্য, সোমবার দুপুর আড়াইটায় ডিবি পুলিশ ‘তন্বী ইলেকট্রনিক্স’ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে আলী হোসেনকে আটক করে। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝