| শিরোনাম |
❒ কপিলেশ্বরী কালীমন্দিরে ৪ দিনব্যাপী মহানামযজ্ঞ শুরু ৬ এপ্রিল ছবি:
খুলনার পাইকগাছার কপিলমুনিতে অবস্থিত কপিলেশ্বরী কালী মন্দিরে আগামী ৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী মহানামযজ্ঞ। শ্রী শ্রী কপিলেশ্বরী কালী ও শিব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় মহোৎসবকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আয়োজকরা জানান, অনুষ্ঠান সফল করতে নিমন্ত্রণপত্র বিতরণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ২২ চৈত্র, সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঙ্গলঘট স্থাপন, শ্রীমদ্ভাগবত পাঠ এবং মহানামযজ্ঞের শুভ গন্ধাধিবাসের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হবে। এদিন শ্রীমদ্ভাগবত আলোচনা করবেন সাতক্ষীরার বুধহাটা গ্রামের বিশিষ্ট ভক্তপ্রবর শ্রী বিল্বমঙ্গল দেবনাথ।
পরদিন ২৩ ও ২৪ চৈত্র (৭ ও ৮ এপ্রিল, মঙ্গলবার ও বুধবার) অনুষ্ঠিত হবে ১৬ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন। এতে খুলনা, বাগেরহাট, মানিকগঞ্জ, যশোর ও সাতক্ষীরাসহ বিভিন্ন জেলার নামকীর্তন সম্প্রদায় অংশ নেবে এবং ভক্তদের জন্য পরিবেশন করবে মহানাম সুধা।
শেষদিন ২৫ চৈত্র (৯ এপ্রিল, বৃহস্পতিবার) ভোর ৫টায় মহানাম কীর্তনের সমাপনী ও কুঞ্জভঙ্গ অনুষ্ঠিত হবে। একইদিন দুপুর ২টায় মহাপ্রভুর ভোগ আরাধনা এবং বিকাল ৩টায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই মহাযজ্ঞের পরিসমাপ্তি ঘটবে।
পুরো অনুষ্ঠানে পৌরহিত্য করবেন ভাটপাড়া জগন্নাথ আশ্রমের অধ্যাপক শ্রী বলাই কৃষ্ণ গোস্বামী।
এদিকে, মন্দিরের সেবাইত, স্থানীয় ভক্তবৃন্দ এবং হরিনামপ্রেমীদের সহযোগিতায় ইতোমধ্যে কপিলমুনিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আয়োজক কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) চম্পক কুমার পাল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব সাধু ও সাধন কুমার ভদ্র জানান, বিশ্বশান্তি ও মানবকল্যাণের প্রত্যাশায় এই মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। ভক্তদের মিলনমেলায় পরিণত হবে এই আয়োজন—এমনটাই তাদের প্রত্যাশা।