রবিবার , ১৫ মার্চ ২০২৬ , ১ চৈত্র ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ নির্বাচন ঘিরে সহিংসতা বাড়ছে

দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকে গুলি

❒ প্রার্থী ও কর্মীদের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক, উদ্বেগ-উৎকন্ঠা বাড়ছে জনমনে

প্রকাশ : শুক্রবার, ২৩ জানুয়ারি , ২০২৬, ১২:৫৯:০০ এ এম
সমির ভৌমিক:
Shornolota_2026-01-23_6972742c14ec9.JPG

❒ গুলিবিদ্ধ হাসান মোল্লা ছবি:

নির্বাচন ঘিরে সহিংসতা, হত্যা, হত্যার চেষ্টা ও প্রতিপক্ষের ওপর হামলা, কখনো টার্গেট কিলিং চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকার কেরানীগঞ্জে এবার দলীয় কার্যালয়ের সামনেই দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন বিএনপি নেতা হাসান মোল্লা (৪২)। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলমান এ পরিস্থিতি যেমন প্রার্থী ও কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তেমনি জনমনে উদ্বেগ-উৎকন্ঠা বাড়ছে-এমনটাই দাবি করছেন রাজনীতি বিশ্লেষকরা।

হাসান মোল্লা কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে তিনি দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়লে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানের একান্ত সচিব মো. উজ্জ্বল হোসেন জানান, প্রথমে হাসান মোল্লাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এদিকে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এ ধরনের হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক অঙ্গনে ‘টার্গেট কিলিং’ বা পরিকল্পিত হত্যাচেষ্টা চলছে—এমন আশঙ্কার কথা বলছেন দলীয় নেতাকর্মীরা। এতে প্রার্থীসহ মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। একই সঙ্গে সাধারণ মানুষের মনেও চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝