| শিরোনাম |
❒ ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা-মশায়েখদের ভূমিকা ও দেশ পুনর্গঠনে করণীয়” শীর্ষক সভা
❒ যশোর শিল্পকলা একাডেমিতে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা-মশায়েখদের ভূমিকা ও দেশ পুনর্গঠনে করণীয়” শীর্ষক সভায় অনিন্দ্য ইসলাম অমিত ছবি:
‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা-মশায়েখদের ভূমিকা ও দেশ পুনর্গঠনে করণীয়” শীর্ষক আলোচনা সভায় বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বিএনপি কখনো ধর্মকে রাজনীতির হাতিয়ার বানায়নি। আমরা ইসলামী মূল্যবোধকে চরিত্রে ধারণ করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ধর্মীয় চেতনার প্রতিফলন ঘটিয়েছেন। তারেক রহমানও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন।”
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অমিত এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে এমন পরিবেশ তৈরি হয়েছিল যেখানে দাড়ি রাখা ও টুপি পরাটাও অপরাধের পর্যায়ে চলে আসত। “বিএনপি তখনও আলেম-ওলামাদের পাশে ছিল, আজও আছে। গণতন্ত্র ও ইসলামের মর্যাদা রক্ষায় আমরা সবসময় জনতার পাশে থাকব,” বলেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিএনপি জনগণের মতামত ও আকাঙ্ক্ষাকে সর্বদা প্রাধান্য দেয়। গণতন্ত্রে বিশ্বাসী দল হিসেবে বিএনপি মনে করে—সংখ্যাগরিষ্ঠের রায়ে যে দল জয়ী হবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারাই নেবে।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। মুখ্য আলোচক ছিলেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, রুহুল আমিন ও মুফতি মুজিবুর রহমান। তারা বলেন, “ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে গণআন্দোলনে আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমাদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি।”