| শিরোনাম |
❒ যশোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ র্যালি-সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “দেশে আবারও ফ্যাসিবাদী প্রতিধ্বনি শোনা যাচ্ছে, গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। আজ রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোর টাউন হল মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
অমিত অভিযোগ করেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, একটি গোষ্ঠী আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তারা চায় না জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। তবু বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের শক্তিকে ভিত্তি করে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।
বিকেল ৫টায় সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়। বাদ্য-বাজনা, পতাকা ও প্ল্যাকার্ডে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সকালে জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপি জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী দুদিন বিভিন্ন উপজেলায়ও কর্মসূচি চলবে।